৫ মে ২০১৬ - ০৪:৫২
বিচারের মুখোমুখি হবে জার্মানির ‘শরিয়া পুলিশ’

জার্মানির স্থানীয় মুসলিমদের একটি দল ২০১৪ সালে দেশটিতে গঠন করেছিল ‘শরিয়া পুলিশ’।

আবনা ডেস্ক : জার্মানির স্থানীয় মুসলিমদের একটি দল ২০১৪ সালে দেশটিতে গঠন করেছিল ‘শরিয়া পুলিশ’। রাস্তায় টহল দিয়ে লোকজনকে মদপান, জুয়া খেলা এবং সঙ্গীত শুনতে নিষেধ করা ছিল তাদের কাজ। তবে সেখানকার আদালত জানিয়েছে, যারা এই দলটি গঠন করেছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।
অতি-রক্ষণশীল মুসলিমদের গঠন করা এই দলটির নাম জার্মান ভাষায় দেয়া হয়েছিল ‘এসভেন লাউ’। ২০১৪ সালে জার্মানির উপ্পের্তাল শহরে টহল দেয়ার সময় একবার জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করে শরিয়া পুলিশের একটি দল। এ নিয়ে হয় একটি মামলা।
গত বছরের ডিসেম্বরে জার্মানির নিম্ন আদালত জানিয়েছিল, শরিয়া পুলিশ গঠনকারী দলের লোকদের বিচারের মুখোমুখি হতে হবে না। তবে সে রায় বাতিল করে দিয়েছে দেশটির উচ্চ আদালত। তারা জানিয়েছে, শরিয়া পুলিশ গঠনকারী দলটির আট সদস্যকে বিচারের মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, শরিয়া পুলিশ আইনি ক্ষমতাসম্পন্ন কোনো পুলিশ বাহিনী নয়। এটি জার্মানির এক ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন ছিল, যারা রাস্তাঘাটে লোকদের মদপান না করতে, জুয়া খেলা থেকে বিরত থাকতে এবং সঙ্গীত না শুনতে পরামর্শ দিতো। তবে তাদের বিশেষ ধরনের পোশাক ছিল।